বান্দরবান বিজিবি নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত: লে. কর্নেল রুবাইয়ে

বিজিবি নির্বাচনকালীন দায়িত্বে সম্পূর্ণ প্রস্তুত, রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবে।
অসীম রায় (অশ্বিনী): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বাংলাদেশ সীমান্ত গার্ড (বিজিবি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বান্দরবান সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রুবাইয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বান্দরবান সরকারি কলেজে এক প্রেস কনফারেন্সে এই তথ্য জানান।
তিনি বলেন, বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
বিজিবি সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধ করছে। বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ও লামা উপজেলায় ৯ প্লাটুন এবং সদর ও থানচি উপজেলায় ২১ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়া ক-৯ ডগ স্কোয়াড ইউনিট, র্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং কুইক রেসপন্স ফোর্স (QRF) জরুরি পরিস্থিতি মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকবে।
সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রুবাইয়ে জানান, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিজিবি সদর দপ্তরের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। তিনি বলেন, ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করা হবে।
৩৮ বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরফাত হোসেন বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালনে বিজিবি অঙ্গীকারবদ্ধ।







