আবুধাবিতে শুরু প্রবাসী বিপিএলের চতুর্থ আসর

উদ্বোধনী ম্যাচে সেনমার অ্যাভেঞ্জার্সকে ২১ রানে হারাল বেঙ্গল রয়্যালস; ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ তানভীরের।

টুইট প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘সেনমার স্যানিটারি বাংলাদেশ প্রবাসী ক্রিকেট লিগ (বিপিএল) ২০২৬’-এর চতুর্থ আসর। প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ ক্রীড়া সংগঠন বাংলাদেশ ইমারাত স্পোর্টস কাউন্সিল আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বিভিন্ন দল।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টায় আবুধাবির ড্রিম ক্রিকেট একাডেমি (ডিসিএ) মাঠে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের স্ত্রী মিসেস তারেক আহমেদ, বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ খান, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সেনমার স্যানিটারি ওয়্যার ট্রেডিংয়ের কর্মকর্তাসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ ইমারাত স্পোর্টস কাউন্সিলের সভাপতি এস এম সালেহ, সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ও শাওন সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবেল চৌধুরী এবং যুগ্ম সম্পাদক হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীর তত্ত্বাবধানে উদ্বোধনী আয়োজন সম্পন্ন হয়।

উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের আদলে এমন একটি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন দেখে তিনি অভিভূত। গত আসরের ফাইনালেও তিনি উপস্থিত ছিলেন। এবার বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও একটি দল প্রতিযোগিতায় নিবন্ধন করেছে।

তিনি বলেন, ক্রিকেটের মাধ্যমে প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও ক্রীড়ার আবেগ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব।

উদ্বোধনী ম্যাচে বেঙ্গল রয়্যালসের জয়

উদ্বোধনী ম্যাচে বেঙ্গল রয়্যালস সিসি ও সেনমার অ্যাভেঞ্জার্স মুখোমুখি হয়। প্রথমে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে বেঙ্গল রয়্যালস সিসি।

দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তারকা ব্যাটার তানভীর। এই ম্যাচেই ব্যক্তিগত ক্রিকেট ক্যারিয়ারে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

জয়ের জন্য ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সেনমার অ্যাভেঞ্জার্স ১৯.১ ওভারে ১৪৯ রানে অলআউট হয়ে যায়। ফলে ২১ রানের জয় দিয়ে চতুর্থ আসরের যাত্রা শুরু করে বেঙ্গল রয়্যালস সিসি।

ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে উদ্বোধনী ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তানভীর।

প্রবাসের ব্যস্ত জীবনের বাইরে বাংলাদেশি ক্রিকেটের আবহ তৈরি এবং প্রবাসী কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের।