ইরানের সীমান্ত বন্ধে ইরাককে চাপ যুক্তরাষ্ট্রের

নৌ-অবরোধের পর এবার স্থলপথেও বাণিজ্য বন্ধের উদ্যোগ, উদ্বেগে তেহরান।
টুইট প্রতিবেদক: ইরানের সঙ্গে থাকা প্রায় সব স্থলসীমান্ত বন্ধ করে দিতে ইরাকের ওপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে সীমান্ত বন্ধের সম্ভাব্য প্রভাব নিয়ে ইরাকি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন ইরানি কর্মকর্তারা। শনিবার (২৮ নভেম্বর) ইরাকি প্রতিনিধিরা তেহরানে পৌঁছানোর পর দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরাক সীমান্ত বন্ধ করে দিতে পারে, এমন আশঙ্কা করছে তেহরান। এতে ইরানের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগে হরমুজ প্রণালিতে ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করা হয়েছে। নৌপথে বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ার পর ইরান স্থলসীমান্ত ব্যবহার করে পণ্য আমদানি ও রপ্তানি অব্যাহত রেখেছে। এখন স্থলপথও বন্ধ হয়ে গেলে দেশটির বাণিজ্যিক কার্যক্রম আরও চাপে পড়তে পারে।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবের ইরাককে সীমান্ত বন্ধ না করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ইরাক যেন ইসলামের শত্রু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতিয়ারে পরিণত না হয়।
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী আলজাজিরাকে জানিয়েছেন, সীমান্ত বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাদের চাপ দিয়েছে। মার্কিন কর্মকর্তারা দুটি সীমান্ত ক্রসিং ছাড়া বাকি সব প্রবেশপথ বন্ধ করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
প্রস্তাবিত দুটি চালু রাখার কথা বলা সীমান্ত ক্রসিংয়ের একটি ইরাকের কুর্দিস্তান অঞ্চলে এবং অন্যটি বাগদাদের কাছাকাছি অবস্থিত।
যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ বাস্তবায়িত হলে ইরানের স্থলপথে পণ্য পরিবহন ও আঞ্চলিক বাণিজ্যে নতুন সংকট তৈরি হতে পারে। বিষয়টি নিয়ে তেহরান ও বাগদাদের আলোচনার ফলাফলের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
সূত্: আলজাজিরা






