মগবাজারে যুবক হত্যা: ১১ মাসেও অভিযোগপত্র নেই, আসামিরা জামিনে।

ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে প্রাণ যায় সিয়ামের, তদন্তে ধীরগতি নিয়ে হতাশ পরিবার; প্রকৃত অপরাধীদের শনাক্তের আশ্বাস পুলিশের।
টুইট প্রতিবেদক: রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে যুবক সিয়াম মজুমদার (২১) নিহত হওয়ার ১১ মাস পেরিয়ে গেলেও মামলার তদন্ত শেষ হয়নি। এখনো আদালতে জমা দেওয়া হয়নি অভিযোগপত্র। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামিও ইতোমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন। দীর্ঘ সময়েও হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া দৃশ্যমান অগ্রগতি না পাওয়ায় হতাশ নিহতের পরিবার।
২০২৫ সালের ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে মগবাজার-নিউ ইস্কাটন সড়কে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সামনে একটি চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে ছিলেন সিয়াম। এ সময় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল তাঁর মাথায় পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরদিন সিয়ামের বাবা আলী আকবর মজুমদার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হাতিরঝিল থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তের শুরুতে পুলিশ জানায়, ফ্লাইওভারের ওই অংশের বেশির ভাগ বাতি বন্ধ ছিল। পাশাপাশি সেখানে সিসিটিভি ক্যামেরা না থাকায় হামলাকারীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
মামলা দায়েরের তিন দিন পর র্যাবের সহযোগিতায় অভিযান চালিয়ে রাসেল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে চলতি বছরের জানুয়ারিতে রামপুরা থানার অন্য একটি মামলায় গ্রেপ্তার সাকিবুর রহমান শুভকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করলে তাঁকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
তবে দুই আসামিই পরবর্তী সময়ে জামিনে মুক্তি পান। গত ১৭ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান সাকিবুর রহমান শুভ। আর রাসেল মিয়া গত ২২ জুন হাইকোর্ট থেকে জামিন পান।
তদন্তে সমন্বয়হীনতার চিত্র
মামলার তদন্তে ধীরগতির পাশাপাশি পুলিশের কয়েকটি আবেদনে অসংগতির বিষয়ও সামনে এসেছে। আদালতের নথি অনুযায়ী, গত ২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (তেজগাঁও বিভাগ) পরিদর্শক শেখ মো. কামরুজ্জামান ওমর ফারুক ওরফে জন নামে একজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
অথচ সিয়াম হত্যাকাণ্ডের প্রায় দেড় মাস আগেই হাতিরঝিল থানার বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন ওমর ফারুক।
এর তিন দিন পর ২৬ এপ্রিল মো. মাসুদুর রহমান ও ইউসুফ বেপারী নামে আরও দুজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। তাঁরাও ২০২৫ সালের ১১ নভেম্বর রমনা মডেল থানার বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।
অর্থাৎ সিয়াম হত্যাকাণ্ডের দিন এই তিনজনই অন্য মামলায় কারাবন্দী ছিলেন। এ কারণে আদালত তাঁদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন নামঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান জানিয়েছেন, ওই তিনজনকে গ্রেপ্তার দেখানোর আবেদনে তাঁদের আগে থেকেই কারাগারে থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছিল। তবে ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোর ধরন একই রকম হওয়ায় সম্ভাব্য নেটওয়ার্ক, সহযোগী, পরিকল্পনাকারী ও অর্থদাতাদের বিষয়ে তথ্য পেতে তাঁদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল।
তিনি আরও জানান, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে। দ্রুত আদালতে অভিযোগপত্র জমা দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।
পরিবারের দাবি হত্যার বিচার
সিয়াম একটি ডেকোরেশনের দোকানে মাসে ১৩ হাজার টাকা বেতনে কাজ করতেন। পরিবারের ঋণ পরিশোধের পর তাঁর বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ককটেল হামলায় তাঁর মৃত্যুতে সেই স্বপ্ন থেমে যায়।
সিয়ামের চাচাতো ভাই জলিল কাজী বলেন, সিয়ামের মৃত্যুর পর তাঁর বাবা-মাসহ পুরো পরিবার ভেঙে পড়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় তাঁরা হতাশ। পরিবারের পক্ষ থেকে হত্যার সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে।
অন্যদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ওমর ফারুক ফারুকী বলেন, জননিরাপত্তা বিঘ্নিত করে এমন ককটেল বিস্ফোরণের ঘটনায় রাষ্ট্রপক্ষ কঠোর অবস্থানে রয়েছে। আদালত প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিয়াম হত্যা মামলাসহ বিস্ফোরক আইনের মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।
তবে ১১ মাসেও অভিযোগপত্র দাখিল না হওয়া এবং গ্রেপ্তার দুই আসামির জামিনে মুক্তির ঘটনায় মামলাটির তদন্ত ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। নিহত সিয়ামের পরিবার এখনো অপেক্ষায় রয়েছে ন্যায়বিচারের।






