শনিবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নাটোরের যেসব এলাকায়

নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগের কাজের জন্য সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বড়াইগ্রামের কয়েকটি এলাকায়।
টুইট প্রতিবেদক: নতুন ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তার সংযোগের কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় শনিবার (২৮ নভেম্বর) টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (২৭ নভেম্বর) নাটোর পল্লি বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ১ ও ৩ নম্বরের সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় বনপাড়া পৌরসভা, জোয়াড়ি, মাঝগাঁও, দুয়ারিয়া ইউনিয়নের আংশিক এলাকা এবং নগর, গোপালপুর ও চান্দাই ইউনিয়নের গ্রাহকেরা বিদ্যুৎবিহীন থাকবেন।
পল্লি বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লি বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।






