পাকিস্তান মিলিটারি একাডেমি পরিদর্শন করেছেন স্পিকার হাফিজ উদ্দিন

কাকুলে প্রশিক্ষণজীবনের স্মৃতিচারণ, দুই দেশের সামরিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্কের বন্ধন পুনর্ব্যক্ত।

টুইট ডেস্ক: পাকিস্তান সফরের অংশ হিসেবে দেশটির কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমি (পিএমএ) পরিদর্শন করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ সময় তিনি নিজের সামরিক জীবনের স্মৃতিচারণ করেন এবং একাডেমিতে কাটানো প্রশিক্ষণজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন।

পাকিস্তান হাইকমিশন, বাংলাদেশের প্রকাশিত তথ্য অনুযায়ী, পিএমএ কাকুলে পৌঁছালে স্পিকারকে স্বাগত জানান একাডেমির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল ইফতিখার হাসান চৌধুরী।

পরিদর্শনকালে হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তান সেনাবাহিনীতে নিজের কর্মজীবন এবং পিএমএতে প্রশিক্ষণ নেওয়ার সময়ের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, একাডেমিতে কাটানো তাঁর জীবনের গুরুত্বপূর্ণ সময় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে এবং সেই স্মৃতিগুলো এখনো তাঁর কাছে বিশেষভাবে মূল্যবান।

পাকিস্তান হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, এ সফরের মধ্য দিয়ে দুই দেশের দীর্ঘদিনের পেশাগত ও ব্যক্তিগত সম্পর্কের বন্ধন নতুন করে স্মরণ করার সুযোগ তৈরি হয়েছে।

হাফিজ উদ্দিন আহমদ ২৩ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পাকিস্তানে সরকারি দ্বিপক্ষীয় সফর করছেন। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। ইসলামাবাদের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি তিনি লাহোর ও করাচিও সফর করবেন।

পাকিস্তান হাইকমিশনের মতে, এ সফরের লক্ষ্য দুই দেশের সংসদীয় সহযোগিতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার এবং নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক ব্যক্তিগতভাবে আমন্ত্রণ ও সফরের আয়োজনের উদ্যোগ নিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র: পাকিস্তান হাইকমিশন, বাংলাদেশ।