বিগ ব্যাশে ইতিহাসের প্রথম অদ্ভুত আউট

ক্রিজে আসতে দেরি, বল না খেলেই স্টাম্প হারালেন ক্যারিবীয় তারকা দিয়েন্দ্রা ডটিন।
টুইট ডেস: ক্রিকেটে টাইমড আউটের ঘটনা নতুন নয়। তবে অস্ট্রেলিয়ার নারী বিগ ব্যাশ লিগে এমন এক অদ্ভুত নিয়মের শিকার হলেন ক্যারিবীয় অলরাউন্ডার দিয়েন্দ্রা ডটিন। ক্রিজের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রতিপক্ষ বোলারের করা ফ্রি ডেলিভারিতে স্টাম্প ভেঙে যাওয়ায় কোনো বল মোকাবিলা না করেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে। বিগ ব্যাশের ইতিহাসে এই নিয়মে প্রথমবারের মতো আউট হলেন কোনো ক্রিকেটার।
আন্তর্জাতিক ক্রিকেটে টাইমড আউটের নিয়ম অনুযায়ী, একজন ব্যাটার আউট হওয়ার পর পরবর্তী ব্যাটারকে নির্ধারিত সময়ের মধ্যে বল মোকাবিলার জন্য প্রস্তুত হতে হয়। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) নিয়মে এ সময়সীমা তিন মিনিট। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) খেলার শর্ত অনুযায়ী, টেস্ট ও ওয়ানডেতে দুই মিনিট এবং টি-টোয়েন্টিতে ৯০ সেকেন্ডের মধ্যে প্রস্তুত হতে হয়।
অন্যদিকে, বিগ ব্যাশে এই সময়সীমা আরও কমিয়ে ৭৫ সেকেন্ড নির্ধারণ করা হয়েছে। তবে এখানে টাইমড আউটের প্রয়োগও কিছুটা ভিন্ন।
নির্ধারিত সময়ে নতুন ব্যাটার প্রস্তুত হতে না পারলে তাকে উইকেটের পাশে দাঁড়াতে হয়। এরপর প্রতিপক্ষ বোলার ফাঁকা ক্রিজ লক্ষ্য করে একটি ফ্রি ডেলিভারি করার সুযোগ পান। সেই বলে স্টাম্প ভেঙে গেলে ব্যাটারকে আউট ঘোষণা করা হয়।
ব্রিসবেন হিট ও মেলবোর্ন রেনেগেডসের ম্যাচে এই নিয়মের শিকার হন ডটিন। ব্রিসবেনের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো অবস্থানে ছিল রেনেগেডস। কিন্তু জর্জিয়া ওয়ারহ্যাম আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামতে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুত হতে পারেননি ডটিন।
ফলে তাকে পপিং ক্রিজ থেকে দূরে দাঁড়াতে হয়। এই সুযোগ কাজে লাগান ব্রিসবেন হিটের ইংলিশ বোলার সারাহ গ্লেন। তার করা ফ্রি ডেলিভারি সরাসরি স্টাম্পে আঘাত করলে কোনো বল না খেলেই আউট হয়ে যান ক্যারিবীয় এই তারকা।
ডটিনের এমন বিদায়ে ম্যাচে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে মেলবোর্ন রেনেগেডস। শেষ বল পর্যন্ত গড়ানো রোমাঞ্চকর লড়াইয়ে তিন উইকেটে জেতে দলটি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। চাপের মুখে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অ্যানি উইকম্যান।
ঘটনাটি নিয়ে ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকারদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। ফক্স ক্রিকেটের ধারাভাষ্যকার করবিন মিডলমাস ঘটনাটিকে দারুণ নাটকীয় বলে বর্ণনা করেন। তার মতে, নির্ধারিত সময়ে ক্রিজে আসতে না পারার বড় মাশুল দিতে হয়েছে ডটিনকে।
অন্যদিকে, ব্রিসবেন হিটের তারকা গ্রেস হ্যারিস বলেন, এমন ঘটনা আগে দেখেননি। তবে নিয়মটি সম্পর্কে তিনি জানতেন। পেশাদার ক্রিকেটে নিয়ম মেনেই খেলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ক্রিকেটে নিয়মের ব্যতিক্রমী প্রয়োগের কারণে ডটিনের এই আউট ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে বিগ ব্যাশের এই বিশেষ নিয়ম নতুন করে ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে এসেছে।






