বাহন বদলেছে, বদলায়নি ডালিমের সংগ্রাম

২৫ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালান ডালিম মহন্ত; দুই সন্তানের ভবিষ্যৎ গড়া আর নিজের একটি পত্রিকার দোকান প্রতিষ্ঠার স্বপ্ন তাঁর
আব্দুল্লাহিল শাহীন, তারাগঞ্জ (রংপুর): ভোরের আলো ফোটার আগেই ঘুম থেকে উঠতে হয় ডালিম মহন্তকে। এরপর ছুটতে হয় সৈয়দপুরে। সেখান থেকে পত্রিকা সংগ্রহ করে ফিরতে হয় রংপুরের তারাগঞ্জে। তারপর দিনভর চলে পত্রিকা বিলি ও বিক্রির কাজ।
এভাবেই জীবিকার তাগিদে ২৫ বছর ধরে ছুটে চলেছেন তারাগঞ্জ উপজেলার পূর্ব কুর্শা গ্রামের ডালিম। সংসারের দায়িত্ব, সন্তানদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন আর নিজের একটি পত্রিকার দোকান প্রতিষ্ঠার ইচ্ছা নিয়েই তাঁর প্রতিদিনের পথচলা।
২০০০ সালে মাত্র ২০ বছর বয়সে পত্রিকা বিক্রি শুরু করেন ডালিম মহন্ত। শুরুতে সাইকেল চালিয়ে সৈয়দপুর থেকে পত্রিকা নিয়ে আসতেন তারাগঞ্জে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিভিন্ন এলাকায় পৌঁছে দিতেন পত্রিকা। সময়ের সঙ্গে বদলেছে তাঁর বাহন। এখন কিস্তিতে কেনা মোটরসাইকেলে পত্রিকা পরিবহন করেন। তবে বাহন বদলালেও বদলায়নি তাঁর সংগ্রামী জীবন।
পত্রিকা বিক্রি করে সব খরচ বাদ দিয়ে বর্তমানে প্রতিদিন তাঁর আয় থাকে প্রায় ৫০০ থেকে সাড়ে ৫০০ টাকা। এই সামান্য আয় দিয়েই চালাতে হয় সংসার, বহন করতে হয় সন্তানদের পড়াশোনার ব্যয়। এর মধ্যে বেড়েছে জ্বালানি তেলের দাম। রয়েছে মোটরসাইকেলের কিস্তি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের সঙ্গে তাল মেলাতে গিয়ে সংসারের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাঁকে।
ডালিমের এক ছেলে কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে। মেয়ে পড়ে প্রথম শ্রেণিতে। দুই সন্তানের পড়াশোনা চালিয়ে নেওয়া এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলাই তাঁর অন্যতম লক্ষ্য। সেই স্বপ্ন পূরণে প্রতিদিন ভোরে ঘর থেকে বেরিয়ে পড়েন তিনি। দিনভর পরিশ্রম করেও সংসারের সব প্রয়োজন মেটানো তাঁর জন্য সহজ হয় না।
ডালিম মহন্তের নিজেরও একটি স্বপ্ন রয়েছে। তারাগঞ্জে পত্রিকার এজেন্ট হিসেবে একটি দোকান প্রতিষ্ঠা করতে চান তিনি। নিজস্ব দোকান হলে পত্রিকা বিতরণের কাজ আরও গোছানোভাবে করা সম্ভব হবে, তৈরি হবে বাড়তি আয়ের সুযোগ। কিন্তু সংসারের টানাপোড়েনের কারণে সেই স্বপ্ন এখনো বাস্তবায়ন করতে পারেননি। পরিবারের দৈনন্দিন প্রয়োজন মেটাতেই তাঁর উপার্জনের বড় অংশ ব্যয় হয়ে যায়।
নিজের দীর্ঘদিনের সংগ্রামের কথা বলতে গিয়ে ডালিম মহন্ত বলেন, ‘জীবনের শুরুতে অনেক কষ্ট করেছি। প্রতিদিন সাইকেল চালিয়ে সৈয়দপুর থেকে পত্রিকা নিয়ে আসতাম। দীর্ঘ পথ সাইকেল চালাতে চালাতে পা ফুলে যেত। তবু থেমে থাকিনি। আমার ইচ্ছা, ছেলে-মেয়ে দুটিকে মানুষের মতো মানুষ করব। পাশাপাশি তারাগঞ্জে নিজের একটি পত্রিকার দোকান দেওয়ার স্বপ্নও রয়েছে। কিন্তু সংসারের খরচ চালিয়ে সেই স্বপ্ন পূরণের জন্য টাকা জমানো সম্ভব হচ্ছে না।’
জ্বালানি খরচ ও মোটরসাইকেলের কিস্তি পরিশোধের পর যা থাকে, তা দিয়ে সংসারের ব্যয় মেটানোই কঠিন হয়ে পড়ে। সন্তানদের পড়াশোনার খরচ জোগানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করার সুযোগও সীমিত। তবু পরিবারের দায়িত্ব পালনে থেমে থাকার সুযোগ নেই তাঁর।
সাইকেল থেকে মোটরসাইকেল—বদলেছে পত্রিকা বহনের বাহন, কিন্তু বদলায়নি ডালিমের সংগ্রাম। দীর্ঘ ২৫ বছর ধরে পত্রিকা বিক্রি করেই সংসারের হাল ধরে রেখেছেন তিনি। নিজের একটি দোকান প্রতিষ্ঠার স্বপ্ন এখনো অপূর্ণ। তবু সন্তানদের পড়াশোনা শেষ করে তারা প্রতিষ্ঠিত হবে—এই আশাতেই প্রতিদিন নতুন করে শুরু হয় তাঁর পথচলা।






