‘হাসিনার গন্তব্য বাংলাদেশ নয়, ফাঁসির মঞ্চ’: গণপূর্ত প্রতিমন্ত্রী

ভান্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তব্য

টুইট ডেস্ক : শেখ হাসিনার গন্তব্য বাংলাদেশ নয়, তার জন্য অপেক্ষা করছে ফাঁসির মঞ্চ—এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ভান্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগ করে ঘুমন্ত মানুষকে পুড়িয়ে হত্যার ঘটনার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী।

আহম্মদ সোহেল মনজুর বলেন, রাজনীতি মানে ধ্বংসযজ্ঞ, অগ্নিসংযোগ কিংবা মানুষের জীবন কেড়ে নেওয়া নয়। গণতন্ত্রের মূল ভিত্তি হলো আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা। বিএনপির নেতাকর্মীরা কখনো আইন নিজের হাতে তুলে নেন না বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, গোপালগঞ্জ, ভান্ডারিয়াসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রশাসন সতর্ক রয়েছে এবং সরকার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জেপি) নেতাকর্মীরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপিকে শান্তিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের মতো ধ্বংসাত্মক রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। অচিরেই গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় জড়িতরা শিগগিরই ধরা পড়বে, কেউ পার পাবে না। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না বলেও মন্তব্য করেন।

প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতেই তদন্ত কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার এবং উপজেলা যুবদলের সদস্যসচিব শামীম হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।