শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালার নির্দেশ

১৬ বছরের নিচের শিশুদের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের আদেশ হাইকোর্টের
টুইট ডেস্ক : ১৬ বছরের নিচের শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের লক্ষ্যে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ার-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর।
আদালতের নির্দেশ অনুযায়ী, ১৬ বছরের কম বয়সী শিশুদের ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় সুরক্ষা, তদারকি এবং বয়সভিত্তিক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করবে।
আইন বিশেষজ্ঞদের মতে, শিশুদের মানসিক বিকাশ, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, সাইবার ঝুঁকি এবং অনুপযুক্ত বিষয়বস্তু থেকে সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের নীতিমালা সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
হাইকোর্টের এ নির্দেশ বাস্তবায়িত হলে শিশুদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অভিভাবক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্যও একটি সুস্পষ্ট নীতিগত কাঠামো তৈরি হবে।






