২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে সম্মিলিত আক্রমণে রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা পেয়েছিল, বাণীতে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত বলেও মন্তব্য করেছেন তিনি।

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বাণীতে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য ও দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমন্বিত আক্রমণে অংশ নেন। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক ঘটনা।

প্রধানমন্ত্রী বলেন, ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন হওয়ায় প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

তারেক রহমান বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য ও সংকল্পবদ্ধ শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির গর্বিত প্রতিষ্ঠান। ১৯৭১ সালের রণাঙ্গনে এই বাহিনীর অসীম সাহসী ভূমিকা ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছেন।

বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি বাড়িয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শান্তিরক্ষায় বিশ্ব দরবারে বাংলাদেশের ভূমিকা শক্তিশালী ও প্রশংসনীয় হয়েছে। ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দেশের সকল প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকের সময় সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকা এই বাহিনীকে জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে।

প্রধানমন্ত্রী বাণীতে সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে সশস্ত্র বাহিনীকে সুশৃঙ্খল, ক্ষিপ্র, সদা তৎপর ও আধুনিক বাহিনীতে রূপান্তরের কথা উল্লেখ করেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন অব্যাহত ছিল বলে উল্লেখ করেন তিনি।

বর্তমান সরকার উন্নত বিশ্বের সঙ্গে সংগতি রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বিস্তারিত পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে বলেও জানান তারেক রহমান।

তিনি বলেন, সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক। বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রয়াসে সশস্ত্র বাহিনীর সাফল্যের যাত্রা অব্যাহত রয়েছে।

২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য বাংলাদেশি সদস্যদের বিশ্বব্যাপী প্রশংসিত হওয়ার কথাও তুলে ধরেন তিনি। শান্তিরক্ষী প্রেরণে অন্যতম শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি জাতির গৌরব বলেও উল্লেখ করেন।

বাণীর শেষাংশে মুক্তিযুদ্ধে জীবনদানকারী বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ ও বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ দেশমাতৃকার স্বার্থে প্রাণোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সকল বীর সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

একই সঙ্গে ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন তিনি। সশস্ত্র বাহিনীর সকল সদস্য ও তাঁদের পরিবারবর্গের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন প্রধানমন্ত্রী।