শ্রম আদালতের মামলা ১৫০ দিনে নিষ্পত্তির দাবি

বছরের পর বছর ঝুলে থাকছে শ্রমিকদের মামলা; জনবল ও আদালত বাড়ানোর আহ্বান, ২৩ নভেম্বর স্মারকলিপি দেবে ট্রেড ইউনিয়ন।
টুইট ডেস্ক: শ্রম আদালতে বছরের পর বছর মামলা ঝুলে থাকায় শ্রমিকরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে শ্রম আইনের ২১৬ ধারা অনুসরণ করে সর্বোচ্চ ১৫০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক।
একই সঙ্গে শ্রম আদালতে পর্যাপ্ত জনবল নিয়োগ, আদালতের সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনে আদালতের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি।
এসব দাবি আদায়ে আগামী ২৩ নভেম্বর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে তারা। ওইদিন সকাল ১০টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এবং শ্রম সচিব বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আবু আহমেদ মিয়া। সঞ্চালনা করেন সদস্যসচিব হাসিবুর রহমান বিপ্লব।
সভায় বক্তারা বলেন, শ্রম আদালতে মামলা দীর্ঘদিন ঝুলে থাকার কারণে শ্রমিকরা ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে বকেয়া পাওনা আদায়ের জন্য দীর্ঘদিন আদালতের দ্বারে দ্বারে ঘুরতে গিয়ে শ্রমিকদের আর্থিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে পড়তে হচ্ছে।
তারা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি। এ জন্য শ্রম আদালতের অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী পর্যাপ্ত কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন শ্রম আদালত প্রতিষ্ঠা করতে হবে।
নেতারা আরও বলেন, শ্রম আইনের ২১৬ ধারার বিধান অনুসরণ করে শ্রমিকদের দায়ের করা মামলা সর্বোচ্চ ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা নিতে হবে। শ্রমিকদের ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই শ্রম আদালতকে কার্যকর, গতিশীল ও শ্রমিকবান্ধব করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
সভায় আরও জানানো হয়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় শ্রম আদালতের সামনে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি পরিবর্তন করে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্মসূচি সফল করতে আগামী ২৩ নভেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম জেলা পরিষদ ভবনের সামনে সংগঠনের সব নেতা-কর্মীকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
সভায় টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, শামসুল ইসলাম আরজু, মাসুদ খান, গোলজার বেগম, জান্নাতুল ফেরদৌস রুবি ও মাসুমা বেগমসহ সংগঠনের অন্য নেতারা বক্তব্য দেন।






