৭১ ও ২৪-এর গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাণী। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর অবদানের প্রশংসা। আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী গড়ার অঙ্গীকার!
টুইট ডেস্ক: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ও গৌরবোজ্জ্বল ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত।
আগামীকাল শনিবার (২১ নভেম্বর) ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমানবাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, আধা সামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এ সমন্বিত আক্রমণে অংশ নেন। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে একটি অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক ঘটনা। ২১ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য স্মরণে প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য এবং সংকল্পবদ্ধ শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির একটি গর্বিত প্রতিষ্ঠান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ও আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বল অধ্যায় হয়ে রয়েছে।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের সততা, দক্ষতা ও কর্মক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
প্রধানমন্ত্রী বলেন, শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ অবস্থান জাতির জন্য গৌরবের। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী ও প্রশংসনীয় হয়েছে। ভবিষ্যতেও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের এ অবদান অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দুর্যোগ ও দুর্বিপাকের সময় বাহিনীর সদস্যরা বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছেন। এ কারণে সশস্ত্র বাহিনী দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল, ক্ষিপ্র ও সদা তৎপর আধুনিক বাহিনীতে পরিণত করার উদ্যোগ নিয়েছিলেন। তিনি বাহিনীকে সুশিক্ষিত ও পেশাদার হিসেবে গড়ে তোলেন। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের ধারা অব্যাহত ছিল।
তিনি বলেন, উন্নত বিশ্বের সঙ্গে সংগতি রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।
তারেক রহমান আরও বলেন, সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক। বাংলাদেশের স্বার্থবিরোধী বিভিন্ন শক্তি সময়ে সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বাহিনী তার সাফল্যের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।
বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ দেশমাতৃকার স্বার্থে প্রাণ উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব বীর সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফসহ শহীদ বীরদের স্মরণ করেন।
সবশেষে প্রধানমন্ত্রী ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।






