বাণিজ্য ও জ্বালানি খাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ সুরক্ষায় একসঙ্গে কাজ করতে সম্মত দুই দেশ
টুইট ডেস্ক : বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একমত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। পাশাপাশি আঞ্চলিক ও বহুপাক্ষিক পর্যায়ে পারস্পরিক সমন্বয় বাড়ানোর বিষয়েও ঐকমত্যে পৌঁছেছে দেশ দুটি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে কলম্বোর জাতীয় সংসদ ভবনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হারিনি আমারাসুরিয়ার কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের বিদ্যমান সহযোগিতা আরও সুসংহত করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সম্পৃক্ততা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে হুমায়ুন কবির দারিদ্র্য বিমোচন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বাংলাদেশ ও শ্রীলঙ্কার নেওয়া উদ্যোগগুলোর মধ্যে সাদৃশ্য তুলে ধরেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন উদ্যোগের সঙ্গে শ্রীলঙ্কা সরকারের উন্নয়ন কর্মসূচির লক্ষ্য ও দর্শনের মিল রয়েছে বলেও উল্লেখ করেন।
এ সময় বাংলাদেশের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কর্মসূচির পাশাপাশি পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো এবং ২০ হাজার কিলোমিটার খাল ও জলপথ পুনঃখননের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এসব উদ্যোগের সঙ্গে শ্রীলঙ্কার ‘প্রজা শক্তি’ ও ‘ক্লিন শ্রীলঙ্কা’ কর্মসূচির লক্ষ্যেও মিল রয়েছে।
বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ সুরক্ষায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষ। অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরে নিয়মিত সংলাপ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দেন তাঁরা।
এ ছাড়া আঞ্চলিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ে সমন্বয় বজায় রাখার বিষয়ে একমত হন দুই দেশের প্রতিনিধিরা। বৈঠক শেষে হুমায়ুন কবির শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সফরকালে তিনি শ্রীলঙ্কার সংসদ ভবনও ঘুরে দেখেন।






