দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

প্রবেশপথে তল্লাশি ও সার্বক্ষণিক নজরদারি জোরদারের নির্দেশ

টুইট ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বুধবার (১৮ নভেম্বর) এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয় বলে বেবিচকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, সাম্প্রতিক ঘটনাগুলো বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে নিরাপত্তা তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল বাড়াতে বলা হয়েছে।

এ ছাড়া বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি জোরদারের নির্দেশনাও দেওয়া হয়েছে।