মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

হেগের আন্তর্জাতিক বিচার আদালতে বিকেল ৩টায় ঘোষণা হবে রায়
টুইট ডেস্ক : মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করবে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বাংলাদেশ সময় বিকেল ৩টায় এ রায় ঘোষণার কথা রয়েছে।
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে এ মামলা দায়ের করে। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর পরিচালিত অভিযান গণহত্যার শামিল—এমন অভিযোগ তুলে মামলাটি করা হয়।
ওই অভিযানের পর প্রাণ বাঁচাতে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। শরণার্থীরা সে সময় হত্যা, ব্যাপক ধর্ষণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনার বর্ণনা দিয়েছেন। জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশনও ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হওয়ার কথা জানিয়েছিল।
তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈধভাবেই ওই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছিল।






