পাবনায় স্কুল ভবনে মিলল ৭৭টি ককটেল

পরিত্যক্ত ভবনে বিস্ফোরক মজুতের ঘটনায় উদ্বেগ, নাশকতার পরিকল্পনা ছিল কি না খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
টুইট প্রতিবেদক: পাবনার সাঁথিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে ৭৭টি ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে বিপুলসংখ্যক বিস্ফোরক উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের এসআরবি-১২, পাবনা ক্যাম্পের একটি দল বিদ্যালয়ের অব্যবহৃত ভবনে তল্লাশি চালিয়ে ককটেলগুলো উদ্ধার করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে বিদ্যালয়ের পাশে নতুন ভবন নির্মাণের পর পুরোনো ভবনটি ব্যবহার বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ভবনটিতে দুর্বৃত্তরা বিস্ফোরক মজুত কিংবা ককটেল তৈরির কাজ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসআরবি-১২-এর কোম্পানি কমান্ডার পলি রানী সরকার জানান, অভিযানে মোট ৭৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। এগুলো নিষ্ক্রিয় করতে রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যদের আসার কথা রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পরবর্তী তদন্তের জন্য উদ্ধার করা আলামত ঢাকায় পাঠানো হবে।
বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে এত বিপুলসংখ্যক ককটেল কীভাবে পৌঁছাল, কারা এগুলো সেখানে রেখেছে এবং এর পেছনে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না—এসব প্রশ্ন সামনে এসেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সচেতন মহলের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিত্যক্ত ভবনে বিস্ফোরক মজুতের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং বিদ্যালয়ের অব্যবহৃত ভবনগুলোর নিরাপত্তা জোরদার করা জরুরি।
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






