লন্ডনে নাহিদের ওপর হামলা, জামায়াত-এনসিপিকে প্রশ্ন রাশেদ খাঁনের

‘এবার কাকে দায়ী করবে’, ফেসবুক পোস্টে জানতে চাইলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
টুইট ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে এ ঘটনায় জামায়াত ও এনসিপির নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, গোপালগঞ্জের ঘটনায় যেভাবে জামায়াত-এনসিপি বিএনপি সরকারকে দায়ী করেছিল, লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় এবার তারা কাকে দায়ী করবে?
পোস্টে তিনি লেখেন, লন্ডনে নাহিদ ইসলামের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার নিন্দা জানাচ্ছেন তিনি। তাঁর দাবি, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী লীগের উগ্রতা ও দুর্বৃত্তপনার বিষয়টি তুলে ধরবে।
রাশেদ খাঁন আরও প্রশ্ন তোলেন, জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নেতারা লন্ডনে নাহিদ ইসলামের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি কেন। আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে তাঁকে হামলার শিকার হতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনাতেও কি বিএনপি সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগ তোলা হবে?
ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, রাজনৈতিক বিরোধের কারণে একে অপরকে দোষারোপ না করে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। বিভক্তির সুযোগ নিয়ে দেশে-বিদেশে হামলা ও নাশকতার ঘটনা ঘটতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন আওয়ামী লীগকে প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। তাঁর ভাষ্য, দলটির বিরুদ্ধে রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়া প্রয়োজন।






