শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা, সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

আসামির আপিল খারিজ করে হাইকোর্টের রায়

টুইট ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের স্কুলশিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার দায়ে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) আসামির করা আপিল খারিজ করে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

রায় ঘোষণার সময় আদালত বলেন, শিশুটির ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। হত্যাকাণ্ডটি ছিল নৃশংস ও অস্বাভাবিক। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

এ ঘটনায় নিম্ন আদালত সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে দুই আসামির করা আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে সোমবার (১৬ নভেম্বর) রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে ছিলেন হাফিজুর রহমান খান।