তারেক রহমানের নেতৃত্বে ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জন বাংলাদেশের: মাহদী আমিন

অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তি খাতে বাড়বে মার্কিন বিনিয়োগের সুযোগ

টুইট ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারের প্রতি বৈশ্বিক আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে এ অর্জনকে দেখছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের বিষয়টি জানানো হয়েছে। এর ফলে ভবিষ্যতে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বাড়বে।

তিনি বলেন, অতীতে শ্রমবিরোধী বিভিন্ন নীতিমালার কারণে বাংলাদেশে এ ধরনের মার্কিন অর্থায়ন বন্ধ ছিল। তবে বর্তমান সরকার শ্রমিকবান্ধব নীতি গ্রহণ করেছে এবং শ্রম আইন পাস করেছে। শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় সরকারের এসব উদ্যোগ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের অনুপ্রাণিত করেছে বলে তিনি মনে করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, গত নয় মাসে সরকারের নীতিমালার ধারাবাহিকতা এবং নির্বাচিত সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন হিসেবে ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনকে দেখা যায়। এর মাধ্যমে বাংলাদেশের বড় বড় উন্নয়ন প্রকল্পে মার্কিন বিনিয়োগের পথ সহজ হবে।

তিনি আরও বলেন, ডিএফসির অর্থায়নের আওতায় প্রতিটি প্রকল্প আলাদাভাবে বিবেচনা করা হবে। এ সুযোগ কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রকল্পগুলোতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আনা সম্ভব হবে। এতে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ ও স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।