ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি

ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে সমালোচনার জবাব, বিব্রত নন বলে জানালেন।
টুইট প্রতিবেদক: নিজের ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামি। তবে নিজের নাচ নিয়ে কোনো ধরনের লজ্জা কিংবা বিব্রতবোধ নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) নিজের যাচাইকৃত ফেসবুক পাতায় দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব কথা বলেন মোনামি।
পোস্টে তিনি আক্ষেপ করে বলেন, দেশে যখন একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, তখন সেসব গুরুত্বপূর্ণ বিষয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে তাঁর নাচ।
মোনামি জানান, ভিডিওটি প্রথমে তাঁর এক বন্ধু কেবল পরিচিত বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ রেখে ফেসবুকে প্রকাশ করেছিলেন। পরে তিনি নিজেও সেটি নিজের পাতায় ভাগ করে নেন। তাঁর ধারণা ছিল, ভিডিওটি শুধু বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
তবে তাঁর ধারণা, কেউ অর্থ উপার্জনের উদ্দেশ্যে ভিডিওটি সংবাদমাধ্যমের কাছে সরবরাহ করেছেন। এ প্রসঙ্গে তিনি ভিডিও সরবরাহকারী ব্যক্তির উদ্দেশে বলেন, আল্লাহ যেন তাঁকে উপার্জনের আরও সম্মানজনক ও হালাল পথ দেখান।
নিজের নাচ নিয়ে সমালোচনার জবাবে মোনামি প্রশ্ন তোলেন, নান্দনিকভাবে নাচার জন্য বয়স কিংবা শারীরিক গঠন কেন তথাকথিত আদর্শ মানদণ্ড হতে হবে?
তিনি আরও জানান, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিদ্রূপের শিকার হতে পারেন, এমন আশঙ্কা তাঁর ছিল। তা সত্ত্বেও ভিডিওটি প্রকাশ করেছিলেন।
মোনামির ভাষ্য, এটি তাঁর একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তাঁর দীর্ঘদিনের। সুযোগ পেলে ভবিষ্যতেও তিনি একইভাবে আনন্দ প্রকাশ করবেন।
নিজের নাচ নিয়ে কোনো অনুশোচনা বা বিব্রতবোধ নেই জানিয়ে তিনি বলেন, এটি ছিল আনন্দ প্রকাশের একটি স্বাভাবিক অভিব্যক্তি।






