রাবিতে ৩৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু

১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি জাতীয় কবি কাজী নজরুল ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩৯টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭ শুরু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। আগামী ২৪ নভেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়, ম্যানেজার ও কোচদের স্বাগত জানাই। মাঠে উপস্থিত সবাই আমাদের অতিথি। তাঁদের সম্মান করা সবার দায়িত্ব। গ্যালারির উত্তাপ যেন মাঠে এবং মাঠের উত্তাপ যেন গ্যালারিতে না ছড়ায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, সামান্য বিষয় নিয়ে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ধরনের ঘটনা এড়াতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। চারটি গেমস আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয় পূর্ণ সহযোগিতা করবে। এ জন্য অংশগ্রহণকারী সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. আরিফুর রহমান। তিনি ৩৯টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের মতিহারের সবুজ চত্বরে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হবে। আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।