১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত

সড়কের বেহাল অবস্থা ও জনদুর্ভোগের আশঙ্কায় ২১ নভেম্বরের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত
টুইট ডেস্ক: ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১ নভেম্বর নির্ধারিত সিলেট অভিমুখে লংমার্চ আপাতত স্থগিত করা হয়েছে। সড়কের বেহাল অবস্থা, বিকল্প হিসেবে ট্রেনযোগে কর্মসূচি বাস্তবায়নে কারিগরি ও ব্যবস্থাপনাগত জটিলতা এবং ব্যাপক জনদুর্ভোগের আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
ব্রিফিংয়ে তিনি বলেন, গত ৬ আগস্ট ঘোষিত চারটি লংমার্চ কর্মসূচির মধ্যে ইতোমধ্যে তিনটি ব্যাপক জনঅংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। জনগণের ন্যায্য আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত সাত দফা দাবির প্রতিও দেশব্যাপী ব্যাপক সাড়া পাওয়া গেছে।
তিনি আরও বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করা সরকারের রাজনৈতিক ও গণতান্ত্রিক দায়িত্ব। কিন্তু গণভোটের রায় বাস্তবায়ন এবং সংস্কার পরিষদ গঠনে সরকার কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। জনগণের রায় উপেক্ষা করে দেশকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, একের পর এক বোমা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে মানুষের জানমালের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। অপরাধীদের দল-মত ও পরিচয় নির্বিশেষে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
জাতীয় ঐক্যের বিষয়ে তিনি বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় অভিন্ন নীতি, অঙ্গীকার ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। গণভোটের রায় বাস্তবায়ন, সংস্কার পরিষদ গঠন, জুলাই গণহত্যার বিচার, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণতন্ত্রের বিকাশকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ১১ দলীয় ঐক্যের মধ্যে কোনো ধরনের ভাঙন বা বিভেদ নেই বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, জোটের ঐক্য অটুট ও সুদৃঢ় রয়েছে। একই সঙ্গে নিয়মতান্ত্রিক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।






