শিক্ষার্থীদের তিন পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজনীতিতে যুক্ত হওয়ার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান; পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি সদয় আচরণের ওপর গুরুত্বারোপ

টুইট ডেস্ক: জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তিনটি বিশেষ পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরামর্শগুলো হলো—পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণ এবং পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করা।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের বিরতিকালে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলাপকালে তিনি এসব পরামর্শ দেন।

এ সময় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

পরিচ্ছন্নতার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। পাশাপাশি বর্ষাকালে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন তিনি। এ ছাড়া পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণের আহ্বান জানান।

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের মধ্যে ছিলেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী, ছয়জন শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষক অংশ নেন।

পরিদর্শনের শুরুতে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিমূলক আলোচনায় অংশ নেন। পরে সংসদ লাইব্রেরি পরিদর্শন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরিদর্শন শেষে সংসদ ভবনের উত্তর প্লাজায় তাঁরা আলোকচিত্রে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলামসহ অন্যরা।