সিঙ্গাপুরে ফের হাসপাতালে ভর্তি খন্দকার মোশাররফ

বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয় বিএনপির এই জ্যেষ্ঠ নেতাকে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আবারও সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়।

রোববার (১৫ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে সিঙ্গাপুরের স্থানীয় সময় অনুযায়ী ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে চাঙ্গি বিমানবন্দরে পৌঁছান ড. খন্দকার মোশাররফ হোসেন।

সেখানে অবস্থানকালে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করেন তিনি। পরে দ্রুত তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকদের পরামর্শে পরবর্তী সময়ে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বিএনপির এই প্রবীণ নেতা। স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফেরার প্রস্তুতি নেওয়ার সময় নতুন করে অসুস্থ হয়ে পড়ায় তার দেশে ফেরা আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।

বর্তমানে সিঙ্গাপুরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী বিলকিস আকতার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।
তবে তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি কিংবা অসুস্থতার কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।