শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইনটি করেছিলেন তার বাবাই: আইনমন্ত্রী

টুইট ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী, রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করলে পলাতক আসামির আর আপিলের সুযোগ থাকে না। দেশে ফিরতে হলে শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়া মেনেই ফিরতে হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আপিলের সময়সীমা পার হলে তা মওকুফের কোনো আইনি সুযোগ নেই। বিশেষ আইনেই এ ধরনের সুযোগ রাখা হয়নি। ২০১৩ সালের সংশোধনীর মাধ্যমে আইনের ২১ ধারায় আপিলের ৩০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানোর বিষয়ে এখন সিদ্ধান্ত ভারতের।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে দেশের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তদন্ত সংস্থা ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করবে এবং সরকার তাদের কাজে হস্তক্ষেপ করবে না। তদন্তের প্রয়োজনে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া এবং সাক্ষী সুরক্ষার বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করবে। আর সাক্ষী সুরক্ষার বিষয়টি সরকার পর্যালোচনা করছে।