ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

পেয়েছে ৫৬৮টি চাহিদাপত্র, প্রথম ধাপে যাচ্ছেন ১১২ জন
টুইট ডেস্ক: ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো শুরু করতে চায় সরকার। এ পর্যন্ত দেশটি থেকে কর্মী নিয়োগের ৫৬৮টি চাহিদাপত্র পেয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। সব প্রক্রিয়া শেষ করে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের মাধ্যমে কর্মী পাঠানোর প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
তিনি বলেন, এখন পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র পাওয়া গেছে। ডিসেম্বরের আগে নিয়োগপ্রক্রিয়া চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে। ডিএইচএলের সহযোগিতা পাওয়া গেলে দ্রুত কর্মীদের পাঠানো সম্ভব হবে। তবে কোনো কারণে এক-দুই দিন দেরি হতে পারে বলেও জানান তিনি।
বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদাপত্র পাওয়ার ভিত্তিতে পর্যায়ক্রমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে প্রথম ধাপে ডিএইচএলের জন্য ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের চূড়ান্ত বাছাই শুরু হয়েছে।
রাশেদুল হক জানান, গত ২ নভেম্বর ডিএইচএল থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত এতে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।
সমান সুযোগ ও স্বচ্ছতা নিশ্চিত করতে ৮ নভেম্বর অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে দুটি পদে ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাঁদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।
প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্ত করা হবে। এ জন্য মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। দলটি ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বাছাইপ্রক্রিয়ায় সংস্থাটির কোনো হস্তক্ষেপ থাকবে না। নিয়োগকর্তার মাধ্যমে নির্বাচিত প্রার্থীরাই চূড়ান্ত বলে গণ্য হবেন।
তিনি জানান, পুরো নিয়োগ কার্যক্রম সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে পরিচালিত হচ্ছে। নির্বাচিত কর্মীদের অভিবাসনসংক্রান্ত নির্ধারিত সব খরচ মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। এ ক্ষেত্রে বোয়েসেল নিয়োগকর্তা বা কর্মীর কাছ থেকে কোনো অভিবাসন ব্যয় কিংবা সেবা মাশুল নেবে না।
নিয়োগের কোনো পর্যায়ে দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত কেউ অর্থ দাবি করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রার্থীদের যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রাশেদুল হক বলেন, অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে সাধারণ শ্রমিকদের বিদেশে কাজের সুযোগ নিশ্চিত করতে চায় সরকার।






