বর্জ্যকে সম্পদে রূপান্তরে বৈশ্বিক সহযোগিতা চাইলেন জুবাইদা রহমান

প্রযুক্তি, জলবায়ু অর্থায়ন ও অপ্রাতিষ্ঠানিক কর্মীদের অধিকার নিশ্চিতের আহ্বান
টুইট ডেস্ক: বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধান নিশ্চিত করতে উন্নত প্রযুক্তি, জলবায়ু অর্থায়ন ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, কোনো একটি দেশের একক উদ্যোগে বর্জ্যমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত অপ্রাতিষ্ঠানিক কর্মীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর অংশ হিসেবে আয়োজিত ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এর উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দেন তিনি। রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বৈঠকের আয়োজন করেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।
বৈঠক আয়োজনের জন্য এমিনে এরদোয়ানকে ধন্যবাদ জানিয়ে জুবাইদা রহমান বর্জ্যমুক্ত কর্মসূচি বাস্তবায়নে তাঁর নেতৃত্ব ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এর উদ্যোগকে স্বাগত জানায় এবং এর প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জনগোষ্ঠী ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের লক্ষ্য এ জোটের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, বর্জ্য কমানো, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণে সরকারের ‘থ্রি-আর’ কৌশল বাস্তবায়ন করা হচ্ছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালায় বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০-এর আওতায় ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নির্গমন কমানোর লক্ষ্য রয়েছে।
বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ, কম্পোস্ট উৎপাদন, ভাগাড় থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্যপানি শোধনের মতো কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বর্জ্য পৃথকীকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং পরিবেশসম্মতভাবে অপসারণের উদ্যোগের কথাও তুলে ধরেন।
ঢাকায় বাস্তবায়নাধীন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের প্রসঙ্গ উল্লেখ করে জুবাইদা রহমান বলেন, এ প্রকল্পে প্রতিদিন তিন হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে দেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্লাস্টিক দূষণ কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। এ সময় কপ-৩১-এর গ্রিন জোনে স্থাপিত বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য সম্মেলনে অংশ নেওয়া ব্যক্তিদের আমন্ত্রণ জানান। দেশের হ্রদ, খাল, পুকুর ও অন্যান্য জলাশয় পরিচ্ছন্ন রাখার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
মিথেন নিঃসরণ কমানোর বিষয়ে তিনি বলেন, গ্লোবাল মিথেন প্লেজের স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এর মধ্যে জলবায়ুবান্ধব কৃষি, উন্নত ধান চাষ পদ্ধতি এবং জৈব বর্জ্য থেকে জৈব সার ও পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের উদ্যোগ রয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনায় তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়ে জুবাইদা রহমান বলেন, পরিবেশ সচেতনতার ভিত্তি পরিবার, বিদ্যালয় ও সমাজ থেকেই গড়ে তুলতে হবে। তরুণদের শুধু ভবিষ্যতের নেতৃত্বের জন্য নয়, বর্তমানের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে।
বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, বর্জ্যকে ফেলে রাখার পরিবর্তে সম্পদ ও শক্তির উৎস হিসেবে কাজে লাগাতে হবে। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনাকে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সুযোগ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। বর্জ্যকে সম্পদে, দূষণকে সমাধানে এবং বৈশ্বিক প্রতিশ্রুতিকে বাস্তব কর্মপরিকল্পনায় রূপান্তরের আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ প্রস্তুত বলেও উল্লেখ করেন।






