ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

মাধবপুরে রাত আড়াইটায় দুর্ঘটনা, নিহতদের মধ্যে চালকও রয়েছেন

টুইট ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালকও রয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া কাউছারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের জসিম (৪০), মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মো. মজনু মিয়া (৫৪) এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামের মো. রিপন মিয়া (২৩)। জসিম কাভার্ডভ্যানটির চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে ঢাকা অভিমুখী পাথরবোঝাই একটি ট্রাক নোয়াপাড়া কাউছারনগর এলাকায় বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাত আড়াইটার দিকে একই দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

মাধবপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।