হামজার উপস্থিতিতে সাফের বাজারমূল্য আকাশছোঁয়া

ইউরোপের ক্লাবে খেলা ফুটবলারদের অংশগ্রহণে বেড়েছে স্পন্সর আগ্রহ, ছয় দলের খেলোয়াড়দের মূল্য ২ কোটি ১২ লাখ ডলার।

টুইট প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন আকর্ষণ তৈরি করেছে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। বিশেষ করে বাংলাদেশের হামজা চৌধুরীসহ ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলা ফুটবলারদের অংশগ্রহণে প্রতিযোগিতাটির বাণিজ্যিক গুরুত্ব ও বাজারমূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগের আসরগুলোর তুলনায় এবার স্পন্সরশিপ চুক্তির সংখ্যাও বেশি বলে জানিয়েছেন সাফের এক কর্মকর্তা।

প্রতিযোগিতার প্রধান স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান টেকনো। পাশাপাশি আরও কয়েকটি প্রতিষ্ঠান স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। ইউরোপের ক্লাবে খেলা পরিচিত ফুটবলারদের উপস্থিতিকেই স্পন্সরদের বাড়তি আগ্রহের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

এবারের আসরে সবচেয়ে দামী খেলোয়াড় বাংলাদেশের হামজা চৌধুরী। ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের বাজারমূল্য ৪৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। ফুটবলারদের বাজারমূল্যবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফারডটকমের তথ্য অনুযায়ী, হামজার একক বাজারমূল্যই বাংলাদেশ দলের মোট বাজারমূল্যের অর্ধেকের বেশি। বাংলাদেশের পুরো দলের বাজারমূল্য ৭৮ লাখ ৮০ হাজার ডলার।

বাংলাদেশ দলে রয়েছেন ইংলিশ ক্লাব ফুলহ্যামের যুব দলের ফুটবলার ফারহান আলীও। প্রাক্‌-মৌসুমে ক্লাবটির মূল দলের হয়ে কয়েকটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

হামজার পর এবারের সাফের দ্বিতীয় সর্বোচ্চ বাজারমূল্যের খেলোয়াড় পাকিস্তানের অধিনায়ক আব্দুল্লাহ ইকবাল। সুইডিশ ক্লাব মালমো এআইএফের এই ফুটবলারের বাজারমূল্য ৩২ লাখ ৬০ হাজার ডলার। ইউরোপীয় প্রতিযোগিতার বাছাইপর্বেও খেলেছেন তিনি।

পাকিস্তানের আরেক পরিচিত মুখ ইয়াসাহ সুলিমান। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই ডিফেন্ডার বর্তমানে আজারবাইজানের সুমগাইত এফসিতে খেলছেন। তাঁর বাজারমূল্য ২ লাখ ১৭ হাজার ৫০০ ডলার। এ ছাড়া ডেনমার্কের ক্লাব কোল্ডিং আইএফের উইঙ্গার আব্দুল সামাদ আর্শাদের বাজারমূল্য ১ লাখ ৮ হাজার ৭৫০ ডলার।

শ্রীলঙ্কা দলেও ইউরোপের ক্লাবে খেলা ফুটবলার রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য জার্মানির তৃতীয় বিভাগের ক্লাব এসভি ওয়াল্ডহফ মানহাইমের ডিফেন্ডার ক্লাউদিও কামার্কনেখট। তাঁর বাজারমূল্য ৪ লাখ ৩৫ হাজার ডলার। হামজা ও আব্দুল্লাহ ইকবালের পর প্রতিযোগিতার তৃতীয় সর্বোচ্চ বাজারমূল্যের খেলোয়াড় তিনি।

ট্রান্সফারডটকমের হিসাব অনুযায়ী, ছয় দেশের ১৫৫ জন ফুটবলারের সম্মিলিত বাজারমূল্য ২ কোটি ১২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। ইউরোপীয় ফুটবলে অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতি যে দক্ষিণ এশিয়ার ফুটবল প্রতিযোগিতাকেও আন্তর্জাতিক মনোযোগ ও বাণিজ্যিক সম্ভাবনার নতুন জায়গায় নিয়ে যেতে পারে, এবারের সাফ তারই উদাহরণ।

সাফ প্রতিযোগিতা কমিটির সভাপতি ও শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনের সভাপতি জাসওয়ার উমর প্রতিযোগিতাটিকে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, ভালো মানের দল ও খেলোয়াড়দের অংশগ্রহণের ফলে এ অঞ্চলের সমর্থকেরা ফুটবলে নতুন নায়কদের খুঁজে পাচ্ছেন।