ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর

বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা ১২তম, বায়ুমান সূচক ১১৩।
টুইট প্রতিবেদক: রাজধানী ঢাকার বায়ুদূষণ পরিস্থিতির উন্নতি হয়নি। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ বুধবার (১১ নভেম্বর) ১২তম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে (একিউআই) রাজধানীর স্কোর ১১৩, যা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।
তালিকায় ৪৪৪ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় স্থানে ভারতের রাজধানী নয়া দিল্লি, স্কোর ২২৪। ১৮১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।
এ ছাড়া ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর এবং ১৫২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নেদারল্যান্ডসের রটারডাম।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকে শূন্য থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বায়ুমানের নির্দেশক।
ঢাকার বায়ুমান সূচক ১১৩ হওয়ায় শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্তদের জন্য বাড়তি সতর্কতা প্রয়োজন। বায়ুদূষণের এমন পরিস্থিতিতে বাইরে অবস্থানের সময় সতর্ক থাকা জরুরি।






