ঠাকুরগাঁও সদর ভেঙে গঠিত হচ্ছে নতুন দুই উপজেলা

রুহিয়া ও ভুল্লি নামে উপজেলা গঠনের প্রস্তাব সচিবের দপ্তরে, অনুমোদনের অপেক্ষায় প্রশাসনিক উদ্যোগ।

টুইট প্রতিবেদক: ঠাকুরগাঁও সদর উপজেলাকে বিভক্ত করে রুহিয়া ও ভুল্লি নামে দুটি পৃথক উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রস্তাব বাস্তবায়িত হলে জেলার প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব দপ্তরের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলাকে বিভক্ত করে রুহিয়া ও ভুল্লি নামে দুটি নতুন উপজেলা গঠনের প্রস্তাবসংক্রান্ত নথি বর্তমানে সচিবের দপ্তরে রয়েছে। প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

সচিবের দপ্তর থেকে অনুমোদন পাওয়া গেলে পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে নতুন উপজেলা গঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

তবে এখনো প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পায়নি। ফলে নতুন দুই উপজেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে আরও প্রশাসনিক সিদ্ধান্ত ও প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা রয়েছে।