আর কত রক্ত ঝরলে চিনবে আ.লীগকে?

ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও সশস্ত্র হামলার অভিযোগ তুলে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন দাবিদারদের প্রশ্ন এনসিপি নেতার।
টুইট ডেস্ক: আওয়ামী লীগের প্রকৃত রাজনৈতিক চরিত্র বুঝতে দেশে আর কত রক্তপাত, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে, এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নিজের যাচাইকৃত ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে তিনি বলেন, হাজারো শহীদের রক্তে রঞ্জিত এই মাটিতে কোনো গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্টকে এক মুহূর্তের জন্যও আশ্রয় নিতে দেওয়া হবে না।
পোস্টে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সারা রাত ককটেল বিস্ফোরণের পর শেষ রাতে বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালককে হত্যা করা হয়েছে। দিনের আলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেও ককটেল হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। এ ছাড়া জুলাই মাসে একজন সমন্বয়কের ওপর প্রকাশ্যে সশস্ত্র হামলার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও পুনর্বাসনের দাবির প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, এত ঘটনার পরও যারা দলটির রাজনৈতিক অধিকার ও পুনর্বাসন চান, তাদের বক্তব্য কী? দলটির প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?
আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে এনসিপির এই নেতা বলেন, মাত্র ২০ দিনে দুই হাজার মানুষকে হত্যার পর দলটির নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন। সেই হত্যাকাণ্ডের ক্ষত এখনো শুকায়নি। হত্যাকাণ্ডের ভিডিও ও ছবি থাকার পরও তাদের রক্তের তৃষ্ণা মেটেনি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, আবারও রক্তপাত ঘটানোর উদ্দেশ্যে দলটির নেতা-কর্মীরা লগি-বৈঠা, দা ও কুড়াল নিয়ে রাস্তায় নেমেছেন।
রাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন
হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া ও প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত ছিল। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল পুলিশ, বিজিবি ও সংশ্লিষ্ট বাহিনীগুলোর।
কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ছাত্রসংগঠনগুলোকেই আবার রাজপথে নামতে হচ্ছে, সন্ত্রাসীদের আটক করতে হচ্ছে এবং রাত জেগে রাজপথ পাহারা দিতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
দেশের রাজনৈতিক ইতিহাসে তরুণদের আত্মত্যাগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তরুণদের রক্ত দিতে হয়েছে। আর কতবার তরুণদের সন্ত্রাসীদের মোকাবিলা করতে রাজপথে নামতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
তরুণদের মূল্যায়ন না করার অভিযো
আওয়ামী লীগবিরোধী আন্দোলন-সংগ্রামে সাধারণ তরুণেরা সামনে থাকলেও ক্ষমতা, পদ ও পদবির ক্ষেত্রে তাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা।
তিনি বলেন, জুলাইয়ের বাস্তবতার এক পাশে রয়েছে ‘নেপোকিডদের ক্ষমতা’, অন্য পাশে জনতা। জুলাইয়ের এই দুই বাস্তবতা সবাইকে মাথায় রাখতে হবে।
সরকারের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, গত দুই দিনের ঘটনাতেই সরকার কী করতে পারছে বা ভবিষ্যতে পারবে, তা স্পষ্ট হয়েছে। সরকারের অপেক্ষায় না থেকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নিষিদ্ধ ফ্যাসিস্টদের প্রতিরোধ করতে হবে।
পোস্টের শেষাংশে হাসনাত আবদুল্লাহ বলেন, দুই হাজারের বেশি শহীদ রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা মানুষের কাছে আমানত হিসেবে রেখে গেছেন। সেই স্বাধীনতা কোনো চোর, লুটেরা ও সন্ত্রাসী গোষ্ঠীর হাতে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না।
এ সময় শহীদ ওসমান বিন হাদীর বক্তব্য উদ্ধৃত করে তিনি লেখেন, ‘জান দেব, কিন্তু জুলাই দিব না।’
তবে পোস্টে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।






