রেল থেকে সড়ক, দুর্নীতির অভিযোগে দুদকের ৪ অভিযান

সরঞ্জাম কেনা, পাসপোর্ট সেবা ও সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ; নথি যাচাই ও নমুনা সংগ্রহ।

টুইট প্রতিবেদক: রেলওয়ের সরঞ্জাম কেনায় অনিয়ম, পাসপোর্ট সেবায় দালালের দৌরাত্ম্য এবং সড়ক নির্মাণ ও সংস্কারকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে দেশের চার স্থানে সরেজমিন অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের উদ্যোগে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে ক্রয়সংক্রান্ত নথি যাচাই, সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলা, নির্মাণকাজ পরিদর্শন এবং বিভিন্ন সামগ্রীর নমুনা সংগ্রহ করা হয়েছে।

রেলওয়ের সরঞ্জাম কেনায় অসংগতি

ঢাকার কমলাপুরে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় যন্ত্র প্রকৌশলীর (লোকো) অধীন ঢাকা লোকো শেডের স্টোরে সরঞ্জাম কেনায় অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালায় দুদকের প্রধান কার্যালয়ের একটি দল।

এ সময় মালামালের মজুত রেজিস্টার, ক্রয়তালিকা ও ভাউচার যাচাই করা হয়। ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েলসহ বিভিন্ন সরঞ্জামের প্রকৃত মজুতের সঙ্গে নথির তথ্য মিলিয়ে দেখা হয়। প্রাথমিকভাবে মালামাল সংরক্ষণ ও হিসাব লিপিবদ্ধ করার ক্ষেত্রে কিছু অসংগতি পাওয়া গেছে।

পাসপোর্ট অফিসে দালালচক্রের অভিযোগ

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি, দালালদের দৌরাত্ম্য এবং নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে অভিযান চালায় দুদকের জেলা কার্যালয়ের তিন সদস্যের দল।

অভিযানকালে ছদ্মবেশে সেবা কার্যক্রম পর্যবেক্ষণ এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা। পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ ও পর্যালোচনা করা হয়। এতে প্রাথমিকভাবে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে।

পঞ্চগড়ে সড়ক নির্মাণে অর্থ অপচয়ের অভিযোগ

পঞ্চগড় পৌরসভায় সড়ক সংস্কার প্রকল্পে অদূরদর্শিতা ও সরকারি অর্থ অপচয়ের অভিযোগেও অভিযান চালানো হয়েছে।

জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি কালভার্ট পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে ইট বিছানো হয়েছিল। অভিযোগ রয়েছে, নিম্নমানের ইট ব্যবহারের কারণে মাত্র তিন মাসের মাথায় সেগুলো তুলে ফেলা হয়।

এ ঘটনায় দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের দল একজন নিরপেক্ষ প্রকৌশলীকে সঙ্গে নিয়ে সড়কটি পরিদর্শন করে। নির্মাণসামগ্রীর মান যাচাইয়ের জন্য বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে।

নাটোরে সড়ক মেরামতেও অনিয়মের অভিযোগ

নাটোরের লালপুর উপজেলায় লালপুর-ভায়া বিলমাড়ীয়া-দুরদুরিয়া গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং নির্ধারিত প্রাক্কলন ও কার্যতালিকা অনুসরণ না করার অভিযোগে অভিযান চালিয়েছে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।

অভিযোগ রয়েছে, ঠিকাদার ও প্রকৌশলীর যোগসাজশে সড়ক মেরামতের কাজে অনিয়ম করে সরকারি অর্থের অপচয় করা হয়েছে। অভিযানে সড়কের কাজের মান পরিদর্শনের পাশাপাশি এলজিইডির সংশ্লিষ্ট কার্যালয় থেকে প্রকল্পের নথিপত্র সংগ্রহ করা হয়েছে।

দুদক জানিয়েছে, চারটি অভিযানে সংগৃহীত তথ্য, নথিপত্র ও নির্মাণসামগ্রীর পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। তদন্ত ও যাচাই শেষে অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।