বাংলাদেশ ম্যাচের আগে স্ত্রীর কথা বলে হাসালেন লঙ্কান কোচ

বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে রসিকতা মুতাইরির, সেমিফাইনালে উঠতে বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট প্রয়োজন শ্রীলঙ্কার।
টুইট প্রতিবেদক: চলমান সাফ চ্যাম্পিয়নশিপে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় রয়েছেন শ্রীলঙ্কার কুয়েতি কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। বাংলাদেশ ও শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে রসিকতা করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
মঙ্গলবার শ্রীলঙ্কার অনুশীলন সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকাকালে কোচের সাক্ষাৎকার নিতে চান বাংলাদেশি সাংবাদিকরা। এ সময় মুতাইরি মজা করে বলেন, ‘আমার স্ত্রী সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে বারণ করেছেন। আমি সাক্ষাৎকার দেব না। যে স্বামী স্ত্রীর কথা শোনে না, তারা জান্নাতে যাবে না।’
এর আগে ভুটানের বিপক্ষে ম্যাচ শেষে সাফ ও রেফারিং নিয়ে কড়া সমালোচনা করেছিলেন মুতাইরি। তাঁর বক্তব্য শৃঙ্খলা কমিটির কাছে পাঠিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। পরে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জবাব দিতে সাত দিন সময় চেয়েছেন এই কোচ। এর মধ্যে টুর্নামেন্টের ফাইনালও অনুষ্ঠিত হয়ে যাওয়ার কথা।
এদিকে এবারের সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ভিডিও সহকারী রেফারি প্রযুক্তি (ভিএআর) ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এ প্রযুক্তি ব্যবহার হচ্ছে না। কেবল সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর প্রয়োগ করা হবে বলে জানিয়েছে সাফ।
সেমিফাইনালের সমীকরণ
বুধবার গ্রুপ পর্বের শেষ দিনে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মালদ্বীপ ও ভারত। ভারত ড্র করলেই কিংবা এক গোলের ব্যবধানে হারলেও সেমিফাইনালে উঠবে। অন্যদিকে সেমিফাইনাল নিশ্চিত করতে মালদ্বীপকে ভারতের বিপক্ষে অন্তত তিন গোলের ব্যবধানে জিততে হবে। এ গ্রুপ থেকে ইতোমধ্যে পাকিস্তান শেষ চারে জায়গা নিশ্চিত করেছে।
অন্যদিকে শ্রীলঙ্কার সামনে সমীকরণ আরও কঠিন। সেমিফাইনালে উঠতে হলে বাংলাদেশের বিপক্ষে অন্তত ড্র করতে হবে তাদের। রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচে বাংলাদেশ দুই গোলের ব্যবধানে জিতলে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে সেমিফাইনালে উঠবে ভুটান।
এ কারণে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে শ্রীলঙ্কাই বেশি চাপে থাকবে বলে স্বীকার করেছেন কোচ মুতাইরি। ফলে দুই দলের লড়াইয়ে শুধু জয়-পরাজয় নয়, নির্ধারিত হবে সেমিফাইনালের গুরুত্বপূর্ণ হিসাবও।






