জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন দিনের সফরে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে নিয়ে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী; বুধবার কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

টুইট ডেস্ক: জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম। এ সময় তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন অভীষ্টবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল এবং পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। এ ছাড়া বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। ইস্তাম্বুলে দুই ঘণ্টার যাত্রাবিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি উড়োজাহাজে আন্তালিয়ায় পৌঁছান তিনি।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল বুধবার বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকেরও কথা রয়েছে। এসব বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।