আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতেও সরকার নির্বিকার: নাহিদ ইসলাম

হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় সরকারের ব্যর্থতার অভিযোগ এনসিপি আহ্বায়কের
টুইট ডেস্ক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও সরকার নির্বিকার ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, সরকারের দুর্বলতার কারণে আবারও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের বর্বরতার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। খুনের নেশায় উন্মত্ত এই গোষ্ঠীকে নিয়ন্ত্রণে বর্তমান সরকার সর্বতোভাবে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে চাপাতি দিয়ে গুপ্ত হামলা চালিয়েছে ফ্যাসিস্ট সন্ত্রাসীরা।
সরকারের বিচারপ্রক্রিয়া নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, ক্ষমতা গ্রহণের পর থেকেই গণহত্যার বিচার নিয়ে সর্বোচ্চ উদাসীনতার পরিচয় দিচ্ছে সরকার। আওয়ামী লীগের সন্ত্রাসী ও জুলাইয়ের ঘটনায় চিহ্নিত খুনিদের একের পর এক জামিন দেওয়া হয়েছে।
এ ছাড়া সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা গ্রহণেও সরকার শুরু থেকেই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক।






