তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কপ-৩১ সম্মেলনে ভাষণ দেবেন ১২ নভেম্বর

১২ নভেম্বর কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
টুইট ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে সরকারি সফরে তুরস্কের আনতালিয়ায় পৌঁছেছেন। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট আনতালিয়া বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান তুরস্ক প্রজাতন্ত্রের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম (Dr. Serdar Çam)। এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এর আগে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
ফ্লাইটটি তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটে আনতালিয়ার উদ্দেশে রওনা হয়।
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিন দিনের এ সরকারি সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। কপ-৩১ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে আগামী ১২ নভেম্বর বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন তিনি।
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
কপ-৩১ সম্মেলন ৯ থেকে ২০ নভেম্বর আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড লিডার্স সামিট।







