রাজশাহী বিমানবন্দরের ফটকে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করল বোমা নিষ্ক্রিয়করণ দল

প্রধান ফটক বন্ধ, বিকল্প মসজিদ গেট দিয়ে যাত্রী চলাচল; কারা কী উদ্দেশ্যে রেখেছিল, তদন্ত করছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতর থেকে দুটি গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা বস্তু দুটি নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় বিমানবন্দর এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয় প্রধান ফটক। যাত্রীদের যাতায়াতের জন্য বিকল্প হিসেবে খুলে দেওয়া হয় মসজিদ গেট।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকের বাঁ পাশে ফুলগাছের ভেতরে বস্তু দুটি দেখতে পান এক পথচারী। পরে তিনি বিষয়টি এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়ির রোমিও-৮১ টহল গাড়ির দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশকে জানান। এএসআই পলাশ তাৎক্ষণিকভাবে বিষয়টি এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন।

খবর পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্কতামূলক ব্যবস্থা নেন। নিরাপত্তার কারণে প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এতে বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট ব্যবহার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এরপরও বস্তু দুটি কখন বা কারা সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরবর্তী সময়ে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রেনেড সদৃশ বস্তু দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে বস্তু দুটি নিষ্ক্রিয় করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেড সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও বলেন, যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে প্রধান ফটক বন্ধ রেখে বিকল্প গেট দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের সহায়তায় পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়েছে। কারা কী উদ্দেশ্যে বস্তু দুটি সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদসূত্র: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।