উড্ডয়নের পরই ৪ হাজার ফুট নিচে নেমে যায় কাতার এয়ারওয়েজের বিমান

এয়ার পকেটে পড়ে আতঙ্ক; দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন পাইলট, বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়

টুইট ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ১৫ মিনিটের মাথায় ভয়াবহ ঝুঁকির মুখে পড়ে কাতার এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান। আকস্মিক এয়ার পকেটে পড়ে বিমানটি প্রচণ্ড ঝাঁকুনির শিকার হলে কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় ৪ হাজার ফুট উচ্চতা হারিয়ে নিচে নেমে আসে। তবে পাইলটের দক্ষতায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

সোমবার (৯ নভেম্বর) রাতে ঢাকা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তুরস্কে অনুষ্ঠিতব্য কপ-৩১ জলবায়ু সম্মেলন কভার করতে যাওয়া সংবাদকর্মীসহ অন্যান্য যাত্রীরা এই ভীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হন।

ফ্লাইটে থাকা একাধিক যাত্রীর বর্ণনা অনুযায়ী, উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি প্রবল এয়ার পকেটে পড়ে। এতে মুহূর্তের মধ্যে তীব্র ঝাঁকুনির সৃষ্টি হয় এবং বিমানটি প্রায় ৯ হাজার ফুট উচ্চতা থেকে ৫ হাজার ফুটে নেমে আসে। আকস্মিক এই পরিস্থিতিতে পুরো কেবিনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী ভেবেছিলেন, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

ফ্লাইটে থাকা জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রহমান জাহাঙ্গীর জানান, জীবনে এত ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি তিনি আগে কখনো হননি। তার ভাষায়, পরিস্থিতি এমন ছিল যে মুহূর্তের জন্য মনে হয়েছিল বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে।

তবে সংকটময় পরিস্থিতিতেও পাইলট দ্রুত বিমানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেন। এরপর নিরাপদভাবে নির্ধারিত রুটে যাত্রা অব্যাহত রাখে বিমানটি।

বিমানটির যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। ঘটনাটি উড্ডয়নের পর আকস্মিক বৈরী বায়ুপ্রবাহ বা এয়ার পকেটের ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।