দুর্গাপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ; দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ
নিজস্ব প্রতিবেদক: ‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীদের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিন্না সরকার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রোকনুজ্জামান তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা আজগর আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর কর্মকর্তা এমএ মতিন, উপজেলা দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম, বিআরডিবি চেয়ারম্যান আঃ আজিজ মন্ডল ও উপজেলা আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, উপজেলা মডেল মসজিদের ইমাম আলামীন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকেরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা সম্ভব। দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সমবায় কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।







