সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে পরীমনিকে লিগ্যাল নোটিশ

৭ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা ও ভবিষ্যতে আপত্তিকর আচরণ থেকে বিরত থাকার আহ্বান
টুইট ডেস্ক : সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠিয়েছেন।
রোববার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় নোটিশটি পাঠানো হয়।
নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে অশ্লীল সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয় ও অঙ্গভঙ্গিসহ শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়ে পরীমনির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগ্বিতণ্ডাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। পরীমনি ও তাঁর দেহরক্ষীদের অভিযোগ, ওই সাংবাদিক তাঁর গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে সাংবাদিকের দাবি, ভিডিও ধারণের সময় পরীমনি তাঁর ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। পরে তিনি নিজের ফোন ফিরিয়ে নেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির একটি আপত্তিকর ও আক্রমণাত্মক পোস্ট ঘিরেও সমালোচনা তৈরি হয়। তবে পোস্টটি কাকে উদ্দেশ করে দেওয়া হয়েছিল, তা স্পষ্ট ছিল না।






