সড়কের দাবিতে মন্ত্রীর গাড়িবহর আটকে বিক্ষোভ

চরকাই এলাকার সড়কের কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন ও অবরোধ; প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
টুইট প্রতিবেদক: দিনাজপুরের বিরামপুরে সড়ক সংস্কারের কাজ দ্রুত শেষ করার দাবিতে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের গাড়িবহরের পথ আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রামবাসী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিরামপুর পৌরসভার চরকাই এলাকার সড়কের কাজ দীর্ঘদিন ধরে চলমান থাকায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। দ্রুত কাজ শেষ করার দাবিতে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গ্রামবাসীর একটি প্রতিনিধিদল মন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়। স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দেন তিনি।
তবে সন্ধ্যায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (দ্বিতীয় মৌসুম)-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করে উপজেলা চত্বর থেকে ফেরার সময় আবারও বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী।
এ সময় উপজেলা গেটের সামনে মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসী সড়ক অবরোধ করে তাঁর গাড়িবহরের পথ আটকে দেন। দ্রুত সড়কের কাজ সম্পন্ন করার দাবিতে তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসনের সদস্যরা হস্তক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মন্ত্রীর গাড়িবহর গন্তব্যের উদ্দেশে রওনা হয়।
সড়কের কাজ দ্রুত শেষ করার দাবিতে গ্রামবাসীর এই অবস্থান স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে। এলাকাবাসীর দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা তাঁদের।






