বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় নতুন উদ্যোগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মোংলায় সমঝোতা স্মারক সই, অবকাঠামোসহ সাতটি খাতে বিনিয়োগ ও সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

টুইট ডেস্ক: বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে এ চুক্তি সম্পন্ন হয়।

সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের শিল্পাঞ্চল বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন।

সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে অবকাঠামো, পরিবহন, পণ্য পরিবহন ও সংরক্ষণব্যবস্থা, শিল্প, জ্বালানি, পরিবেশ এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরসূচিতে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে দুটি পণ্য ওঠানো-নামানোর ঘাট নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও রয়েছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৮ কোটি টাকা।