জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা

শেরেবাংলা নগরে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন; বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন চীনা প্রতিনিধিদলের সদস্যরা
টুইট ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।
বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার এ তথ্য জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন চীনা মন্ত্রী। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানান তিনি ও প্রতিনিধিদলের সদস্যরা।
এ সময় লিউ হাইশিং স্মারক বইয়ে স্বাক্ষর করেন। চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে রুহুল কবির রিজভী বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কূটনৈতিক সহযোগিতার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।






