সাভারে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

টুইট ডেস্ক : ঢাকার সাভারে তিন দফা দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। সংঘর্ষে সাংবাদিক, পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড ও পদ্মার মোড় এলাকায় শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম বেতন বৃদ্ধি, কালো তালিকাভুক্তি বন্ধসহ তিন দফা দাবি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা হেমায়েতপুর এলাকায় জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
সকাল সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর সড়কে আন্দোলনরত শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এর কিছুক্ষণ পর স্টার টেলিভিশনের সাংবাদিক সোহান সিরাজী, ৭১ টেলিভিশনের সাংবাদিক রায়হান বিন ও ক্যামেরাম্যান উজ্জ্বল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। পরে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় অন্তত ১০ জন আহত হন।
এদিকে, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। পরে কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা সড়কে নেমে আসেন। একপর্যায়ে তাঁরা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।
সকাল ৯টা থেকে শুরু হওয়া অবরোধ বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে দিলে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে হেমায়েতপুর ও আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান নূর জানান, তিন দফা দাবিতে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।






