একের পর এক চোট, তরুণদের নিয়ে দল সাজাচ্ছে বায়ার্ন

চোটের ধাক্কায় বায়ার্নের ভরসা তিন তরুণ
অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিন তরুণ ফুটবলারকে মূল দলের স্কোয়াডে যুক্ত করেছে জার্মান ক্লাবটি।
টুইট প্রতিবেদক: একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটে বিপাকে পড়েছে বায়ার্ন মিউনিখ। এমন পরিস্থিতিতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে তিন তরুণ ফুটবলারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে জার্মানির ক্লাবটি।
গোলের প্রতিবেদন অনুযায়ী, উয়েফার নিয়ম মেনে ‘বি’ তালিকায় জ্যানিস বার্টল, এরব্লিন ওসমানি ও নোয়া কোদজো-এভোরার নাম যুক্ত করেছে বায়ার্ন। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগের মূল স্কোয়াডে আগে তাদের কারও নাম ছিল না। তবে তালিকায় অন্তর্ভুক্ত হওয়া মানেই ম্যাচে খেলার সুযোগ নিশ্চিত নয়।
অ্যাটলেটিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পাঁচ খেলোয়াড়কে পাচ্ছে না বায়ার্ন। তাঁরা হলেন জামাল মুসিয়ালা, লুইস দিয়াজ, সের্জ নাব্রি, ইসমাইল সাইবারি ও বারা নিয়াইয়ে। মুসিয়ালা ও দিয়াজ চোট কাটিয়ে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন।
অন্যদিকে, বাঁ উরুর পেছনের পেশিতে চোট পেয়েছেন নাব্রি। ডান গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয়েছে সাইবারিকে। আর অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচারের কারণে দলের বাইরে রয়েছেন নিয়াইয়েও।
তবে বায়ার্ন শিবিরে কিছুটা স্বস্তি ফিরেছে ম্যানুয়েল নয়্যার ও মাইকেল অলিসের অনুশীলনে ফেরায়। দুজনই সোমবার দলের সঙ্গে অনুশীলন করেছেন এবং মাদ্রিদ সফরেও গেছেন। ম্যাচের আগে তাঁদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে বর্তমানে ১৪তম স্থানে রয়েছে বায়ার্ন। অ্যাটলেটিকোর মাঠে জয় পেলে শীর্ষ আটে জায়গা করে নেওয়ার লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে জার্মান ক্লাবটির। তাই চোটের প্রতিকূলতা সামলে এই ম্যাচে জয় তুলে নেওয়াই এখন তাদের প্রধান লক্ষ্য।






