অন্ধ্র উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় মুরাসু, বাতাসের গতি ১২০ কিমি

ভারতের অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আশঙ্কা, উপকূলীয় নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা
টুইট ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে তীব্র ঘূর্ণিঝড় মুরাসু। ঝড়টির প্রভাবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। উপকূলীয় নিম্নাঞ্চলে জলোচ্ছ্বাসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১টার দিকে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টির স্থলভাগ অতিক্রমের প্রক্রিয়া শুরু হয়। ভারতের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, রাত ১টা ৩০ মিনিটে ঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে অবস্থান করছিল।
এ সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্র ওঙ্গোল থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কাভালি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বাপাতলা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে ছিল।
আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, নেলোর ও নরসাপুরের মধ্যবর্তী ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে ঝড়টি উপকূল অতিক্রম করছে। বুধবার সকাল পর্যন্ত উপকূলীয় এলাকায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১২ ঘণ্টায় দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে জনজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হতে পারে।
এ ছাড়া বুধবার সকাল পর্যন্ত স্বাভাবিক জোয়ারের তুলনায় ১ থেকে ১ দশমিক ৫ মিটার উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। এতে বাপাতলা, কৃষ্ণা ও প্রকাশম জেলার উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।






