এআই প্রশিক্ষণ ছাড়া পিছিয়ে পড়বে শিক্ষাব্যবস্থা

শিক্ষাব্যবস্থার পরিবর্তিত বাস্তবতায় শিক্ষকদের দক্ষতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, প্রযুক্তির সঙ্গে শিক্ষকদের পরিচিত করতে না পারলে দেশের শিক্ষাব্যবস্থা পিছিয়ে পড়বে।
টুইট প্রতিবেদক: শিক্ষামন্ত্রী বলেন, দক্ষ ও মেধাবী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারেন। এ জন্য শিক্ষকদের যুগোপযোগী করে গড়ে তোলা জরুরি। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার সম্পর্কে শিক্ষকদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষক প্রশিক্ষণে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে নায়েমকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ কার্যক্রম চালুর উদ্যোগ নিতে হবে।
তিনি জানান, দেশের অনেক শিক্ষক এখনো প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করতে পারেননি। তাদের দ্রুত প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণ সম্পন্ন করা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি প্রশিক্ষণের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। পরে বিভিন্ন বিভাগে প্রশিক্ষণে সেরা শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন।
নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক অধ্যাপক প্রিম রিজভী।






