ইউএপিতে দিনব্যাপী ক্যারিয়ার মেলা, চাকরির সুযোগ শিক্ষার্থীদের

সরাসরি জীবনবৃত্তান্ত জমা, তাৎক্ষণিক সাক্ষাৎকার ও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ।

টুইট প্রতিবেদক: শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ জোরদারের লক্ষ্যে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ক্যাম্পাসে দিনব্যাপী ক্যারিয়ার মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় করপোরেট ও ব্যবসাপ্রতিষ্ঠান অংশ নেয়।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাঈদ মোস্তাক আহমেদ এবং বিডিজবস লাইভের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম শাহিন।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. আবু সাঈদ মোস্তাক আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের পেশাগত জীবন গঠন এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের সমন্বয় ঘটাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই হেরিটেজ ঢাকার সভাপতি গাজী সানি। মেলার সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ মো. মেহেদী হাসান।

মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান শিক্ষার্থীরা। চাকরিপ্রার্থীরা প্রতিষ্ঠানগুলোর নির্ধারিত স্টলে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার পাশাপাশি যোগ্যতা অনুযায়ী তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পান। এমনকি কয়েকটি প্রতিষ্ঠানের সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগও ছিল।

আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগ ইউএপির শিক্ষার্থী ও নতুন স্নাতকদের কর্মসংস্থানের পথ সহজ করবে। একই সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজন অনুযায়ী দক্ষ ও যোগ্য কর্মী খুঁজে পাবে।

দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী অংশ নেন।